ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের হাবিদপুর গ্রামে ছাত্রলীগ কর্মী মাহফুজুল করিম শিপুর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ২৭ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। ঘটনার সময় শিপু বাড়িতে ছিলেন না। তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। বাড়িতে তাঁর বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের অন্য সদস্যরা বসবাস করছেন।
মাহফুজুল করিম শিপু হাবিদপুর গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শিপুর দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে দীর্ঘদিন ধরে হামলা, হয়রানি ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে ২০২২ সালে তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান।
শিপুর অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে থাকা তাঁর পরিবারের সদস্যদের ওপর চাপ, হয়রানি ও হামলার ঘটনা বেড়েছে। এ সময় বিএনপি, জামায়াত, ইসলামী ছাত্রশিবির এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে হামলা ও হয়রানির অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তাঁর বাড়িতে পুলিশের অভিযান চালানো হয়েছে এবং দুর্বৃত্তরা বাড়িতে হামলার চেষ্টা করেছে। এসব ঘটনার কারণে পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
শিপুর দাবি, গত ১০ নভেম্বর তাঁর বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে। তাঁর ধারণা, রাজনৈতিক বিরোধ ও প্রতিহিংসার জের ধরে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
সর্বশেষ গত ২৭ নভেম্বর রাতে তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার ভিডিও ফুটেজ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান শিপু। ধারাবাহিক এসব ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
লন্ডনে অবস্থানরত মাহফুজুল করিম শিপু দেশে থাকা বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাড়িতে অগ্নিসংযোগ, গরু চুরি এবং অতীতের হামলা ও হয়রানির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘আগুন লাগার বিষয়টি আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




