ছবি:সংগৃহীত
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শই আমাদের ধারণ করতে হবে। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বর্তমান মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিমের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন সেনানায়কের সহধর্মিণী হিসেবেই নয়, বরং শোষিত ও বঞ্চিত মানুষের ভরসাস্থল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অসুস্থ অবস্থায় থেকেও তিনি কোনো আপস করেননি। আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে তিনি ছিলেন এক অকুতোভয় প্রাচীর।
তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া কখনো মাথানত করেননি। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও সংগ্রাম চিরকাল মানুষকে পথ দেখাবে। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে তার ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপসহীনতার এক উজ্জ্বলতম প্রতীক হিসেবে।
দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ মির (রহ.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




