ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইসলামি ব্যক্তিত্ব ও আলেমসমাজকে সবসময় গভীর শ্রদ্ধার চোখে দেখতেন। আলেমসমাজের কাছেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। সে কারণেই তার ইন্তেকালে দল-মত নির্বিশেষে দেশের পুরো আলেমসমাজ শোকাহত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকার চন্দনভাগে অবস্থিত আয়শা সিদ্দিকা (রা.) ইসলামিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আলেম-ওলি-আউলিয়াদের দোয়ার বরকতেই এই দেশ টিকে আছে। তাই বিএনপি বরাবরই আলেম-উলামাবান্ধব রাজনৈতিক দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আলেমসমাজের কল্যাণে যা যা করা প্রয়োজন, তা বাস্তবায়ন করা হবে।
খতমে বুখারি ও দোয়া মাহফিলে পূর্ব সিলেটের বর্ষীয়ান আলেম-উলামার কাছে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া নেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে ধানের শীষের কাণ্ডারি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
পরে তিনি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, স্বপ্নবাজ ও আত্মবিশ্বাসী তরুণ শিক্ষার্থীরাই একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ার মূল কারিগর। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি, দেশ গড়ার প্রত্যয় জাগ্রত করা এবং তরুণদের কর্মমুখী করার পরিকল্পনাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন। কারণ তরুণরাই বর্তমানের শক্তি এবং ভবিষ্যতের সমৃদ্ধি।
মতবিনিময় সভায় উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দসহ ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




