ছবি:সংগৃহীত
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একটি প্রতিষ্টানকে জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলায় এ অভিযান চালানো হয়। অভিযানে গ্যাস ডিপো এমএস বিএইচডি অক্সিজেন ডিপোকে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার রেজাই রাব্বি। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে সহযোগীতা করে।
রেজাই রাব্বি গণমাধ্যমকে জানান, অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেছে। তবে মালিক না থাকায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কেবল জরিমানা আদায় করা হয়েছে। এসব বিষয়ে প্রশাসন আরো কঠোর হবে বলে ঘোষণা দেন তিনি।
এর আগে বুধবার ‘সিলেটে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২২০০ টাকায়’ শিরোনামে দৈনিক জৈন্তাবার্তায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ও প্রসাশক মো. সারওয়ার আলমের নির্দেশে এদিন থেকেই নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




