ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া দেশের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিষয় চালু হওয়ায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু দেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক পরিসরেও একজন পরিচিত ও সম্মানিত রাষ্ট্রনায়ক ছিলেন।
ভাইস চ্যান্সেলর আরও বলেন, সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং অভিজ্ঞদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ছিল তাঁর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর সময়ে চালু হওয়া ভ্যাট ব্যবস্থা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আলোচনা সভায় প্রধান আলোচক সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া সিলেট অঞ্চলের মানুষের প্রতি বিশেষ ভালোবাসা পোষণ করতেন। নানা সমালোচনা ও বিরূপ মন্তব্যের মুখেও তিনি সব সময় সহনশীলতা ও সৌজন্য বজায় রেখেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সর্বদলীয় গণতন্ত্রের ধারা প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া তা এগিয়ে নিয়েছেন।
সভাপতির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ, জনগণ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন। ব্যক্তিগতভাবে নানা নির্যাতন ও অবমাননার শিকার হলেও তিনি কখনো বিদ্বেষপূর্ণ বা কটূক্তিমূলক বক্তব্য দেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




