জৈন্তাপুর ও কানাইঘাটে ১২ লক্ষ টাকার পণ্য জ*ব্দ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৩ PM

জৈন্তাপুর ও কানাইঘাটে ১২ লক্ষ টাকার পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০১:১৫:৫৩ PM

জৈন্তাপুর ও কানাইঘাটে ১২ লক্ষ টাকার পণ্য জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) ১৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সোনারখেওর বিওপি'র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনারখেওর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ২৩১ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের সিজারমূল্য ৩ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা। 

এ ছাড়া, গত ৭-৯ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ সুরাইঘাট, লালাখাল, জৈন্তাপুর এবং ডোনা বিওপি'র পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৫৫ বোতল ভারতীয় মদ, ২০০ কেজি চা পাতা ও ৭টি গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পণ্যের সিজারমূল্য ৮ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকা। 

বিজিবি সূত্রে জানা যায়, সব মিলিয়ে জব্দকৃত পণ্যের সর্বমোট সিজারমূল্য ১২ লক্ষ টাকা। 

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং অন্যান্য পণ্য কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর