ছবি:সংগৃহীত
সিলেট-১ আসনে বাসদ মনোনীত ‘মই’ প্রতীকের প্রার্থী প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনা কমিটির এক সভা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল। সভায় আরও বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু জাফর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, বাসদ নেতা এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি বেলাল হোসেন, শহীদ আহমদ, মামুন বেপারি, সীমান্ত চন্দ্র রায়, কান্দিগাঁও ইউনিয়নের আহ্বায়ক নুরুল ইসলাম, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ, সমছু মিয়া এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মীসভায় প্রণব জ্যোতি পাল বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও জনগণের অর্থে আমরা এই নির্বাচন পরিচালনা করতে চাই। ভোটে বিজয়ী হয়ে জনগণের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, সংসদকে কোটিপতিদের ক্লাব কিংবা নিপীড়নমূলক আইন প্রণয়ন ও দেশের সম্পদ ভাগবাটোয়ারার প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না। সংসদকে জনমতের প্রতিফলন ঘটিয়ে জনগণের অধিকার আদায়ের কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে হবে।
এ লক্ষ্যে সবার সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




