সংগৃহিত
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন প্রায় ৮ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) মহামান্য হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলে তিনি কারাগার থেকে মুক্ত হন।
জানা যায়, গত বছরের ২০ আগস্ট সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় নিহত তারেক আহমদের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তৎকালীন ইউপি চেয়ারম্যান আমান উদ্দিনকে এজাহারভুক্ত আসামি করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে গত মে মাসের প্রথম দিকে তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান। তবে পরে সিলেটের সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। দীর্ঘ প্রায় ৮ মাস কারাভোগের পর বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন লাভ করলে তিনি মুক্তি পান।
উল্লেখ্য, হত্যা মামলায় আসামি হওয়ার পর গত ১৯ মে তাকে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




