ছবি:সংগৃহীত
সিলেট নগরীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাব।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ২টায় নগরীর কুমারপাড়া ঝরনারপাড় এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদের আনন্দ কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সবার জন্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আহমেদ শামীমের মতো মানবিক উদ্যোগে এগিয়ে এলে সমাজের দরিদ্র মানুষ আরও বেশি উপকৃত হবে।
তিনি আরও বলেন, উৎসবের সময় বৈষম্য দূর করাই ইসলামের মূল শিক্ষা। তাই সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ঝরনা তরুণ সংঘের সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি খালেদ আহমদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ।
সংঘের প্রতিষ্ঠাকালীন সাহিত্য সম্পাদক ও প্রবাসী সদস্য আহমেদ শামীমের সৌজন্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলকাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আরিফ, দপ্তর সম্পাদক মুহিনুর রহমান এবাদ, প্রচার সম্পাদক মাহবুব আলম, ধর্ম সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ রাসেল, অর্থ সম্পাদক আলী আফসরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




