রেমিট্যান্স যোদ্ধাদের অবদান দেশের উন্নয়নে অনস্বীকার্য: এম এ মালিক এমপি
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৬ PM

রেমিট্যান্স যোদ্ধাদের অবদান দেশের উন্নয়নে অনস্বীকার্য: এম এ মালিক এমপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০৫:২৪:৪৩ PM

রেমিট্যান্স যোদ্ধাদের অবদান দেশের উন্নয়নে অনস্বীকার্য: এম এ মালিক এমপি

ছবি:সংগৃহীত


সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ শুধু তাদের পরিবারের সচ্ছলতা নিশ্চিত করে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবেও কাজ করে।

মঙ্গলবার (১৭ মার্চ) দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে ‘হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্ট’-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশেষ করে যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন ট্রাস্ট ও সামাজিক সংগঠন মানবকল্যাণে যে অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়।

ট্রাস্টের উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের চেয়ারম্যান শামসুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, ট্রাস্ট পরিচালনা বোর্ডের জয়েন্ট সেক্রেটারি ও যুক্তরাজ্য প্রবাসী মাহিদুল ইসলাম রুহেল, মিনার হোসেন লিটন এবং আব্দুর রহমান সুমন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের ইমাম মাওলানা জামাল মিয়া। পরে ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সুলেমান খান রাব্বানী মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, ‘হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্ট’ দীর্ঘদিন ধরে সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নানা ধরনের সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে মরহুমা মরিয়ম বিবির নিজ বাড়িতে এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ