ছবি:সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) পৃথক আয়োজনে দুই উপজেলার প্রশাসনের মাধ্যমে এসব সহায়তা আনুষ্ঠানিকভাবে তুলে দেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের হাতে সহায়তা হস্তান্তর করেন, যাতে ঈদের আগেই তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া যায়।
সহায়তার মধ্যে রয়েছে নগদ ১০ লাখ টাকা এবং ৭০০টি শাড়ি, থ্রি-পিস ও রুমাল।গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দুঃস্থদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন ঘটছে।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি এ দুই উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পরে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে একইভাবে সহায়তা বিতরণ করা হয়। সেখানেও প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী।
দুই উপজেলার অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




