সংগৃহিত
দেশের বিভিন্ন অঞ্চলে আজ রাতে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সিলেটসহ ১১টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুরসহ দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আবহাওয়া প্রতিকূল থাকতে পারে।
বিশেষ করে সিলেট, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে বুধবার সকাল ৯টার মধ্যে সিলেট, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ঝড়-বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দা ও নৌযান সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




