ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে উমর আলি শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় জৈন্তাপুরের দরবস্তস্থ সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ বছর বৃত্তিপ্রাপ্ত ৬১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমর আলি শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, মরহুম উমর আলির পুত্র ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ মতিন। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন।
জৈন্তাপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোলাম গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী সাব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আজাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এম রুহেলসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদার মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম।
বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৯৬ সালে জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেনগ্রাম এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম উমর আলির স্মরণে প্রতিষ্ঠিত উমর আলি শিক্ষা কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে যাচ্ছে। বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ট্রাস্টটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




