অবহেলায় বেহাল দনারাম-আতাসন-পীরের বাজার সড়ক, পাকাকরণের দাবি
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০৯ AM

অবহেলায় বেহাল দনারাম-আতাসন-পীরের বাজার সড়ক, পাকাকরণের দাবি

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ১১:৪৮:০০ PM

অবহেলায় বেহাল দনারাম-আতাসন-পীরের বাজার সড়ক, পাকাকরণের দাবি

জৈন্তা বার্তা


সিলেটের বালাগঞ্জ উপজেলা উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দনারাম-আতাসন-পীরের বাজার সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পশ্চিম গৌরীপুর ইউনিয়নের একদিকে রয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং অন্যদিকে দক্ষিণ সুরমা উপজেলা। কিন্তু যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে ইউনিয়নের অনেক গ্রামে এখনো বর্ষাকালে নৌকা এবং শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করতে হয়। স্থানীয়দের ভাষায়, “গ্রীষ্মে পাও, বর্ষায় নাও” অবস্থাই এখনো বিরাজমান।

প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ দনারাম-আতাসন-পীরের বাজার সড়কটি বর্তমানে ইট সলিং করা থাকলেও অধিকাংশ স্থানে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে জনদুর্ভোগ।

এই সড়ক দিয়ে আতাসন, ট্রেকামুদ্রা, মোল্লাপাড়া, শ্রীনাথপুর, তেঘরিয়া, আলমপুর, আলগাপুর, ডররপাড়, লোহামোড়া ও হরিশ্যামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। এছাড়া বাংলা বাজার উচ্চ বিদ্যালয়, আতাসন হযরত শাহজালাল (রহ.) দাখিল মাদরাসা, আতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ট্রেকামুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোল্লাপাড়া মাদরাসার শিক্ষার্থীরাও এই সড়ক ব্যবহার করে থাকে। প্রতিদিন কয়েক শতাধিক মানুষের চলাচল হওয়ায় এটি ইউনিয়নের অন্যতম প্রধান সড়ক হিসেবে বিবেচিত।

এলাকাবাসী জানান, সড়কের টলাখাল ব্রিজ নির্মাণ এবং বাংলাবাজার ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা জরুরি। একই সঙ্গে বেতরী নদীর ভাঙনের কারণে সড়কের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত গার্ডওয়াল নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।

এদিকে আতাসন গ্রামের প্রবাসী আবুল কালামের পক্ষে মুনসুর আলী বাড়ির সীমানা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, সড়কের একাংশ দখল করে দেয়াল নির্মাণ করায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, যা ভবিষ্যতে দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী হওয়ায় সংশ্লিষ্টরা কারও আপত্তির তোয়াক্কা করছেন না।

এ বিষয়ে এলাকাবাসী আরও জানান, এর আগেও আবুল কালাম ও মুনসুর আলী গং ওই এলাকায় সরকারি গাছ কেটে বিক্রির চেষ্টা করলে প্রশাসন বিষয়টি জেনে গাছ জব্দ করে।

এলাকাবাসীর দাবি, অবৈধভাবে নির্মাণাধীন দেয়াল নির্মাণ বন্ধ করে দ্রুত দনারাম-আতাসন-পীরের বাজার সড়ক পাকাকরণের উদ্যোগ গ্রহণ করা হোক।

জৈন্তা বার্তা /ওয়াদুদ