সংগৃহিত
সিলেট বিভাগে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সিলেট বিভাগীয় কমিটি। রোববার (১৭ মে) সন্ধ্যায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে অনুষ্ঠিত ফেডারেশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে একইদিন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হলে শ্রমিক নেতারা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।
জানা যায়, গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ কয়েকজন শ্রমিক নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়।
পরিবহন শ্রমিক নেতারা মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে গত ১৪ মে এক জরুরি সভা থেকে আগামী ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।
তবে এসএমপি কমিশনারের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভার পর পরিস্থিতির পরিবর্তন হয়। সভায় পুলিশ কমিশনার আশ্বাস দেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে এবং প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া গেলে কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না।
এর পরিপ্রেক্ষিতে শ্রমিক ফেডারেশনের জরুরি সভায় আগামী ৬ জুন পর্যন্ত কর্মবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
জরুরি সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সজিব আলী।
সভায় বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি সাইফুল, কার্যকরী সভাপতি স্বপন আহমদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম লস্কর, বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, অটো-টেম্পু-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতছির আলী, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ইমা-লেগুনা-হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, সাধারণ সম্পাদক ইনসান আলী এবং ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




