ছবি:সংগৃহীত
সিলেট নগরবাসীর জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এ লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফলেস ইউকে-এর চিকিৎসক প্রতিনিধি দল সিসিকের সঙ্গে যৌথভাবে চিকিৎসাসেবা উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেলফলেস ইউকে-এর ১০ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটের মানুষের চিকিৎসাসেবার মানোন্নয়নে দেশ-বিদেশের চিকিৎসক ও মানবিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলফলেস ইউকে যে আন্তরিকতার সঙ্গে সিলেটের মানুষের পাশে দাঁড়াতে চায়, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।”
তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশন নাগরিকদের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। আন্তর্জাতিক মানবিক উদ্যোগগুলোর সঙ্গে সমন্বয় হলে চিকিৎসাসেবার পরিধি ও কার্যকারিতা আরও বাড়ানো সম্ভব হবে। ভবিষ্যতে যৌথভাবে স্বাস্থ্য ক্যাম্প, জনসচেতনতামূলক কর্মসূচি এবং বিশেষায়িত চিকিৎসাসেবা পরিচালনার বিষয়ে আমরা ইতিবাচকভাবে কাজ করতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
সেলফলেস ইউকে-এর প্রতিনিধি দলে ছিলেন ডা. বারিদা পই, ডা. এলিসিয়া জ্যাকসন, ডা. নাওমি পটস, ডা. আন্নাহ ফারওয়া, ডা. আমিনা চৌধুরী, ডা. আমনা ইমরান, ডা. অশ্বিনদার গুগনানি, ডা. কাওলান ইরেনাচ, ডা. নাঈম আহমদ ও ডা. জাহাঙ্গীর আলম। এছাড়া সেলফলেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুস সামাদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




