চালিবন্দর বিষহরি মন্দিরে কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ PM

চালিবন্দর বিষহরি মন্দিরে কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৯:০৪:৩৩ PM

চালিবন্দর বিষহরি মন্দিরে কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় শ্রীশ্রী বিষহরি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। যুগ যুগ ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

তিনি বলেন, ‘এই দেশেই আমাদের জন্ম এবং এ দেশেই আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশন নগরীর প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে সবসময় পাশে থাকবে।

অপর সংবর্ধিত অতিথি সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘আমরা এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, একটি উন্নত, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবহমানকাল ধরে এ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন যাতে কেউ নস্যাৎ করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি যেকোনো প্রয়োজনে সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শ্রীশ্রী বিষহরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শশাঙ্ক শেখর পালের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, দীপক কুমার দাস, মদন মোহন কর্মকার, হারাধন দেব প্রভাষ, ধনেশ দেব, উত্তম ঘোষ, দীপক চন্দ, অ্যাডভোকেট শিশির কুমার রায়, পিন্টু বৈদ্য, অরুণ দে, রনি চক্রবর্তীসহ অনেকে।

অনুষ্ঠানে চালিবন্দর এলাকার বিপুলসংখ্যক ভক্ত, সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ