ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বণিক সুপার মার্কেটে ‘মা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দোকান থেকে ১০ থেকে ১২ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে। দোকানমালিকের দাবি, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে চোর চক্রের সদস্যরা মার্কেটের প্রধান কেচি গেট ও দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানের বিভিন্ন মালামাল তছনছ করে স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক পার্থ বণিক জানান, চুরির ঘটনায় তাঁর প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও জগন্নাথপুর পৌর শহরসহ বিভিন্ন বাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে। গত বছর পৌর শহরের আবু তাহের কমপ্লেক্স অ্যান্ড মোবাইল মার্কেটে তালা ভেঙে নগদ টাকা, মোবাইল ফোনসহ অর্ধকোটি টাকার মালামাল চুরি হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, বাজারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




