ছবি:সংগৃহীত
সিলেট নগরীতে সুপেয় পানির সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় বিদ্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংস্কারের পাশাপাশি নগরের বিভিন্ন ওয়ার্ডে উৎপাদক নলকূপ স্থাপন করা হচ্ছে। আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে চেঙ্গেরখালের পানি শোধন করে নগরবাসীর পানির চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরের ঝরনারপাড় এলাকায় উৎপাদক নলকূপ স্থাপনকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর পানির সংকট দূর করতে সিটি করপোরেশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংকট দ্রুত নিরসনে নগরের বিভিন্ন ওয়ার্ডে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপও গ্রহণ করা হবে। এ সময় ঝরনারপাড় এলাকায় উৎপাদক নলকূপ স্থাপনকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে তিনি নগরের বালুচর এলাকায় দুর্গাবাড়ি সড়কের উদ্বোধন করেন। আরসিসি দিয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে। একই দিন আগপাড়া এলাকায় সড়ক সংস্কারকাজেরও উদ্বোধন করেন তিনি। আগপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি অবিলম্বে জরিপ পরিচালনা করে ছড়া ও ড্রেন উদ্ধারসহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বিভিন্ন এলাকা পরিদর্শন ও উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




