জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

ঝটিকা মিছিল

জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৪:৫২:২৪ অপরাহ্ন

জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের  ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শামীম মোল্লা (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) এস এম জামিল হাসান অনিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ০৩/১৫/১০/২৬।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ভোর সাড়ে ৬টার দিকে জুড়ী উপজেলার ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়নে উপজেলা পরিষদের সামনে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিল বের করা হয়। এজাহারে বলা হয়, হাবিবুর রহমান জয় নামে এক ব্যক্তির নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন সদস্য মিছিলে অংশ নেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, মিছিলকারীরা পরস্পর যোগসাজশে একত্রিত হয়ে জননিরাপত্তা ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে মিছিল করেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—বেলাগাঁও গ্রামের ধন মিয়ার ছেলে দুবাইপ্রবাসী মো. শামীম মোল্লা (২৫), জাঙ্গীরাই গ্রামের চাঁন মিয়ার ছেলে হাবিবুর রহমান জয় (৩৪), পাতিলাসাঙ্গন (মাধবটিলা) গ্রামের আশরাফ আলীর ছেলে শাহরিয়ার মাহবুব (৩৮), ভবানীপুর গ্রামের মৃত কবির আহমদের ছেলে এ আর সাজেদ (২৮), বড়ধামাই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও পূর্বজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ (৬৫), একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ও পূর্বজুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুয়েল উদ্দিন (৪৪), বাছিরপুর গ্রামের মৃত বিনোদ পালের ছেলে ও পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক বিন্দু পাল (৫৪), মাধবটিলা (পাতিলাসাঙ্গন) গ্রামের আব্দুল গণি বাবুলের ছেলে সিদ্দিকুর রহমান সুমন (৪০), বড়ধামাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. তজমুল আলীর ছেলে ও পূর্বজুড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আছলম উদ্দিন (৪৪)।

এ ছাড়া ভোগতেরা গ্রামের মৃত নানু মিয়ার ছেলে ও জুড়ী উপজেলা সিএনজি চালক সমিতির সাবেক সভাপতি এবং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়জুল ইসলাম ছোট কালা (৪৬), একই গ্রামের শাহাজাহান কবিরের ছেলে ও জুড়ী উপজেলা সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মাজেদুল (৪০), ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার ছেলে মিজানুর রহমান খোকন (৪০), পাতিলাসাঙ্গন গ্রামের আনাছ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম আশরাফ (২৪), একই গ্রামের আং গনি বাবুলের ছেলে শিপার মিয়া (৪২), নয়াগ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাইদুল ইসলাম (৩০), কালীনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ ওরফে জুয়েল রানা (৩৬) এবং ভবানীপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তারেক হাসান (৪০)।

মামলার তদন্ত কর্মকর্তা জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুল মালিক (পিপিএম) জানান, এ মামলায় শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ভোরে জুড়ী উপজেলা পরিষদের সামনে কুলাউড়া-বড়লেখা সড়কে মুখোশ পরা ৭ থেকে ৮ জনের একটি দল মিছিল করে। জুড়ী কলেজ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায় বলে জানা গেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ