সংগৃহীত
রাজধানীর আদাবরের শম্পা মার্কেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. জাহিদ রহমান জনকে (৩১) একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে এসআরবি-২। তার বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান এ তথ্য জানান।তিনি বলেন, স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সহায়তার আশ্বাস দিয়েছিলেন জাহিদ জন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। তবে এসব অভিযান ব্যর্থ হওয়ায় তথ্য পাচারের সন্দেহ তৈরি হয়। পরে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে আভিযানিক দল জানতে পারে, জাহিদ নিজেই একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে জিজ্ঞাসাবাদের পর জাহিদ জনের দেওয়া তথ্য অনুযায়ী আদাবর থানার শম্পা মার্কেট এলাকার একটি পরিত্যক্ত অফিসকক্ষ থেকে তার নিয়ন্ত্রণে রাখা একটি বিদেশি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।এসআরবি-২-এর প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে, জাহিদ জন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার পিসিপিআর যাচাই করে যাত্রাবাড়ী থানায় একটি দলবদ্ধ পরিকল্পিত হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




