ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
রোববার সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পৈত্যপাড়ায় শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ভক্তদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সব ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতির বাংলাদেশে কোনো ধরনের বৈষম্যের স্থান নেই। সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মা আনন্দময়ী পূজা কমিটির সভাপতি অসিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সহসভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক সঞ্জীব দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব।
এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সমাজকল্যাণবিষয়ক সম্পাদক বিমল কান্তি দে, মা আনন্দময়ী পূজা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ পাল, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন পৈত্য, অর্থ সম্পাদক অমিত দত্ত, অনুপ, লিটন ভট্টাচার্য, উজ্জ্বল চন্দ, সুব্রত দে, সুমিত ও আশিষ সূত্রধরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সুবিধাবঞ্চিত ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের হাতে শারদীয় উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




