আসিফ আকবরের কণ্ঠে নতুন গান, কথা ও সুরে মাহবুবুল খালিদ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

আসিফ আকবরের কণ্ঠে নতুন গান, কথা ও সুরে মাহবুবুল খালিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৭:৫৮:১৬ অপরাহ্ন

আসিফ আকবরের কণ্ঠে নতুন গান, কথা ও সুরে মাহবুবুল খালিদ

সংগৃহীত


গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে এবার কণ্ঠ দিলেন বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মাহবুবুল খালিদ।

রোমান্টিক আবহের গানটিতে প্রেম, রূপ আর মুগ্ধতার কথা উঠে এসেছে দারুণ সব লোকজ শব্দের বুননে। প্রিয় মানুষের সৌন্দর্যে মুগ্ধ এক প্রেমিকের অনুভূতি প্রকাশ পেয়েছে গানের কথায়।গানের কয়েকটি পঙ্‌ক্তি এমন, ‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’

খুব শিগগিরই গানটির সংগীতচিত্র প্রকাশিত হবে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে নিয়মিত সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন মাহবুবুল খালিদ। তাঁর লেখা গান নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ‘খালিদ সংগীত’ ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত তাঁর লেখা পাঁচ শতাধিক গান প্রকাশ পেয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

শুধু প্রেম-ভালোবাসা নয়, মাহবুবুল খালিদের গানে উঠে এসেছে সমাজের নানা অসংগতি, মানবিক সংকট ও আলোচিত ঘটনাও। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে তাঁর লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানেও উঠে এসেছে নির্মম বাস্তবতা।মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তাঁর লেখা ‘মাগুরার ফুল’ গানটি মানুষের বিবেক ও মানবিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। সাম্প্রতিক সময়ে ‘রামিসার বিচার’ শিরোনামেও গান লিখেছেন তিনি।

দেশের বিভিন্ন সামাজিক ঘটনা ছাড়াও আন্তর্জাতিক মানবিক সংকট তাঁর গানে জায়গা পেয়েছে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও গান লিখেছেন মাহবুবুল খালিদ। তাঁর এসব সৃষ্টিতে মানবতা, প্রতিবাদ ও সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা রয়েছে।এবার সেই বৈচিত্র্যময় গানের ধারায় যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে ‘সখি তুই কি তেল মাখিস চুলে’।

জৈন্তাবার্তা/সুলতানা