ছবি:সংগৃহীত
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মরণে সিলেটে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ‘গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুবজোট, সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় নগরের চৌহাট্টায় বাংলাদেশ জাসদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সহসভাপতি কামাল আহমেদ চৌধুরী আলমগীর, জাতীয় শ্রমিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর চন্দ্র দে, বাংলাদেশ যুবজোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও সদস্য মঞ্জুর আহমেদ সায়মন।
এ ছাড়া বক্তব্য দেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয় এবং অ্যাডভোকেট রনেন সরকার রনি প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আত্মত্যাগ আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
তাঁরা বলেন, স্বাস্থ্যসেবা কোনো বাণিজ্যিক পণ্য নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার। ধনী-গরিব নির্বিশেষে সব নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতের বিদ্যমান বৈষম্য দূর করা এবং গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি।
স্মরণসভায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




