কুলাউড়ার ২২ বাগানে চলছে ভোটগ্রহণ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

কুলাউড়ার ২২ বাগানে চলছে ভোটগ্রহণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০২:৫৬:১২ অপরাহ্ন

কুলাউড়ার ২২ বাগানে চলছে ভোটগ্রহণ


মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

উপজেলার ২২টি চা-বাগানে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চা-বাগানগুলো হলো- মুরইছড়া, চাতলাপুর, তিলকপুর, আসগরাবাদ, রাজানগর, সিরাজনগর, লোয়াইউনি, হলিছড়া, হিংগাজিয়া, কালিটি, ক্লিভডন, দিলদারপুর, বিজয়া, মেরিনা, গাজিপুর, তারাপাশা, পাল্লাকান্দি, রাঙ্গীছড়া, রেহানা, বরমচাল, ঝিমাই ও লংলা।

২২টি কেন্দ্রে ৮  হাজার ৬৫৬ ভোটারের ভোটে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব। নির্বাচনে ৬২টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভোটারদের উপস্থিতি সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ভোটার মাখন বাউরি বলেন, দীর্ঘদিন পর আমরা ভোট দিতে পারছি এতে আমাদের অনেক আনন্দ লাগছে। ভোটগ্রহণ সুন্দর ও শান্তিপূর্ণভাবে চলছে। 

আরেক ভোটার অন্তুপাশী বলেন, সকাল থেকে ভোটগ্রহণ সুন্দরভাবে চলছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বেড়েছে। 

এবারের নির্বাচনে প্রতিটি চা-বাগানে আধুনিক হাসপাতাল নির্মাণ, পর্যাপ্ত এমবিবিএস চিকিৎসক ও নার্স নিয়োগ, অ্যাম্বুলেন্স ও আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র স্থাপন, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, চা আবাদ সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিক স্বার্থবিরোধী আইন বাতিলের দাবিও শ্রমিকদের দেওয়া ইশতেহারে স্থান পেয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত আছেন। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: