ছবি:সংগৃহীত
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে সিলেট নগরীর বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মার্কেটের ব্যবসায়ীদের ব্যবহৃত ওজন ও পরিমাপ যন্ত্রপাতির ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হয়।
বিএসটিআই সিলেটের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. রফিক আজাদ এবং পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মদিনা মার্কেটের বিভিন্ন দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেল, সাধারণ পাল্লা এবং অন্যান্য পরিমাপক যন্ত্র যাচাই-বাছাই করা হয়।
বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে তাদের এ ধরনের তদারকি কার্যক্রম রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন। তিনি বিএসটিআই-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সঠিক ওজনের পরিমাপ নিশ্চিত করা ক্রেতা ও বিক্রেতা-উভয়ের স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসটিআই যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়।
তিনি আরও জানান, মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও বিএসটিআই-এর যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে সমিতির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।
অভিযানে বিএসটিআই-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




