ছবি:সংগৃহীত
অমর একুশে জাতীয় বইমেলা-২০২৬ উপলক্ষে ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার) সিলেটের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় পাঠাগারের মাঝে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত মোঃ ওয়েছুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চলতি সপ্তাহে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলার প্রান্তিক পাঠকের হাতে জাতীয় বইমেলায় প্রকাশিত নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন (সিলেট সদর), গ্রন্থকুঠির উন্মুক্ত পাঠাগার (বিশ্বনাথ), আলোর হাট পাঠাগার (জকিগঞ্জ) ও হারুন ব্যক্তিগত পাঠাগার (গোয়াইনঘাট)সহ বিভিন্ন পাঠাগার ও প্রতিষ্ঠানের কাছে বই উপহার হিসেবে প্রদান করা হয়।
এর অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) নকশী বাংলা ফাউন্ডেশনের কার্যালয়ে বই হস্তান্তর করেন গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন। সংস্থার পক্ষে বই গ্রহণ করেন নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গণি আল মুজাহিদী এবং প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমান।
এ ছাড়া জেলার অন্যান্য পাঠাগারের পক্ষে বই গ্রহণ করেন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ বিশ্বনাথের শিক্ষক মোহাম্মদ আলী রানা, জকিগঞ্জ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমেদ চৌধুরী ও হারুন আহমেদসহ সংশ্লিষ্টরা।
বই বিতরণ কর্মসূচি সম্পর্কে গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মুজতবা শাহরিয়ার আরিফ বলেন, ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার সিলেটকেন্দ্রিক একটি পাঠাগার উদ্যোগ, যার লক্ষ্য সিলেটজুড়ে বইয়ের আলো ছড়িয়ে দেওয়া। প্রয়াত ওয়েছুর রহমান ছিলেন একজন সত্যিকারের বইপ্রেমী মানুষ। বই ও জ্ঞানচর্চার প্রতি তাঁর গভীর অনুরাগ থেকেই তিনি তরুণ প্রজন্মকে বইমুখী করতে আজীবন কাজ করেছেন।
তিনি আরও জানান, তাঁর স্মৃতিকে ধারণ করে প্রতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে জাতীয় বইমেলা উপলক্ষে এবং ১৫ আগস্ট তাঁর মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় পাঠাগারের মাঝে নতুন বই ও ম্যাগাজিন বিতরণ করা হয়, যাতে প্রান্তিক পাঠকের হাতে জ্ঞানের মূল্যবান বাহন বই পৌঁছে দেওয়া যায়। এ ছাড়া বছরজুড়ে বিভিন্ন দিবস ও পাঠাভ্যাসভিত্তিক কর্মসূচিও আয়োজন করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




