এসএমপির ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় উদ্ধার ৭০ মোবাইল ফোন
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:০৮ PM

এসএমপির ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় উদ্ধার ৭০ মোবাইল ফোন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ০১:২৯:৪২ AM

এসএমপির ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় উদ্ধার ৭০ মোবাইল ফোন

ছবি:সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মোবাইল ফোন হারানোর ঘটনায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২০ দিনে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পুলিশ কমিশনার মোবাইল ফোন উদ্ধারের জন্য একটি বিশেষ টিম গঠন করেন এবং প্রতি মাসে সম্ভাব্য ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় সিলেট মহানগরের ছয়টি থানায় দায়ের করা মোট ৩৯৬টি জিডি পর্যালোচনা করে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর মধ্যে বৃহস্পতিবার পুলিশ কমিশনার নিজ হাতে ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। ইতোমধ্যে বাকি ২০টি মোবাইল ফোনের মালিকরা ডিবি-সাইবার ক্রাইম ইউনিট থেকে নিজ উদ্যোগে তাদের মোবাইল ফোন সংগ্রহ করেছেন।

হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা পুলিশের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশসহ বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনেকেই তাদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মোবাইল ফোন উদ্ধারের এ কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। মহানগরের ছয়টি থানায় দায়ের করা জিডির ভিত্তিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন দ্রুততম সময়ে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি নাগরিকদের সচেতনভাবে মোবাইল ফোন ব্যবহার ও সংরক্ষণের পরামর্শও দেন।

তিনি আরও বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ দমনে সবসময় সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ