চার নারীকে ভা*রতে পা*চার, গোয়াইনঘাট থেকে গ্রে*প্তার ২
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২১ PM

চার নারীকে ভা*রতে পা*চার, গোয়াইনঘাট থেকে গ্রে*প্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০৩:০৮:২৭ PM

চার নারীকে ভা*রতে পা*চার, গোয়াইনঘাট থেকে গ্রে*প্তার ২


ভালো কাজের প্রলোভন দেখিয়ে সিলেট সীমান্ত দিয়ে চার নারীকে ভারতে পাচার করেছিল একটি মানবপাচারকারী দল। পরে পাচার হওয়া ওই নারীরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে ধরা পড়েন। ২০২৫ সালের ১৩ অক্টোবর সকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় পাচার হওয়া এক নারী গোয়াইনঘাট থানায় মানবপাচার ও প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই মামলার দুই আসামিকে শনিবার (১৪ মার্চ) ভোরে গোয়াইনঘাট থানাধীন মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইঘাটের খাসিয়া খাওড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলমগীর (২৫) ও একই গ্রামের মৃত রূপ মিয়ার ছেলে আব্দুল হান্নান (২৯)।

র‌্যাব জানায়, পাচারকারীদের কবলে পড়েছিলেন এক নারী। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন পাটগাতী এলাকার বাসিন্দা। তিনি গার্মেন্টসে কাজ করার জন্য ঢাকায় গেলে অজ্ঞাতনামা আরেক নারীর সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে অজ্ঞাতনামা ওই নারী তাকে ভারতে গিয়ে কাজ করার প্রস্তাব দিলে তিনি রাজি হন। এরই প্রেক্ষিতে ২০২৫ সালের ১১ অক্টোবর অজ্ঞাতনামা ওই নারী ভিকটিমকে সিলেটে নিয়ে আসেন। পরে পাচারকারী চক্রের সদস্য হাসান একটি প্রাইভেটকারযোগে ভিকটিমকে জাফলং নিয়ে গিয়ে অন্যান্যদের সাথে তাকে পরিচয় করিয়ে দেন।

র‌্যাব আরও জানায়, পাচারকারী চক্রের সদস্যরা ওই নারীকে জানায় তারা অনেক লোক ভারতে পাঠিয়েছে এবং যাদেরকে পাঠিয়েছে তারা সেখানে ভালো কোম্পানিতে কাজ পেয়েছে। এ সময় গোপালগঞ্জের ওই নারী চক্রের সদস্যদের জানান, তার কাছে কোনো পাসপোর্ট ও ভিসা নেই। তখন পাচারকারীরা তাকে জানায় ভারতে পাঠাতে কোনো পাসপোর্ট এবং ভিসা লাগে না। এ সময় পাচারকারীরা ভিকটিমকে জানায় তার সাথে আরও ৩ জন মেয়ে ভারতে যাবেন। এরই প্রেক্ষিতে ২০২৫ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় গোপালগঞ্জের ওই নারীসহ চারজনকে অবৈধভাবে ভারতে প্রবেশ করানো হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১২ অক্টোবর রাতে ভারতীয় বাহিনী বিএসএফ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে।

জৈন্তা বার্তা/আরআর