ছবি:সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানআউট হওয়ার পর মাঠে অসন্তোষ প্রকাশ করায় পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আগা তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ম্যাচ চলাকালে গ্লাভস ও হেলমেট মাটিতে ছুড়ে মারায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
ম্যাচ রেফারি নাইমুর রশিদ ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট’ অভিযোগে সালমানকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেন। তবে অভিযোগটি তিনি স্বীকার করায় এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরে মাঠে শৃঙ্খলা ভঙ্গের কারণে সালমানের বিরুদ্ধে এটিই প্রথম ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। ওই ওভারে বাংলাদেশের অলরাউন্ডার মিরাজের এর বল সোজা খেলেন মোহাম্মদ রিজুয়ান । বলটি পা দিয়ে থামিয়ে দেন মিরাজ। একই সময় সালমান ও মিরাজ দুজনই বলের দিকে হাত বাড়ালেও মিরাজ আগে বলটি তুলে নিয়ে দ্রুত থ্রো করে স্টাম্প ভেঙে দেন। পরে তৃতীয় আম্পায়ার সালমানকে রানআউট ঘোষণা করেন।
রানআউটের ঘটনায় বিস্মিত সালমান সঙ্গে সঙ্গেই মিরাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর আগেই তিনি মাঠের ভেতর হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন। এরপর ড্রেসিংরুমে ফেরার সময় বাউন্ডারি লাইনের কাছে আবারও গ্লাভস ও হেলমেট ছুড়ে মারতে দেখা যায় তাকে। এ সময় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও তাঁর কথাকাটাকাটি হয়।
তবে ম্যাচে শেষ পর্যন্ত বড় জয় পায় পাকিস্তান। ১২৮ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরায় তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




