ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ও মোবাইল ছি*নতাই
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২১ PM

সিলেটে আবারও ছি*নতাই আ*তঙ্ক

ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ও মোবাইল ছি*নতাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০৬:৪৩:০৮ PM

ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে  দুই লাখ টাকা ও মোবাইল ছি*নতাই

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে ছিনতাইয়ের ঘটনা যেন থামছেই না। এবার এক ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগরজুড়ে নতুন করে ছিনতাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী অপু ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন। তিনি সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন অপু। পথিমধ্যে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে ভয় দেখিয়ে সঙ্গে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম  জানান, ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকায় এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর নয় দিন পর গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

একাধিক ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ