সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৫ PM

সড়ক ও রেলপথ নিয়ে সুসংবাদ দিলেন মন্ত্রী মুক্তাদির, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য সরকার কাজ করছে : মন্ত্রী আরিফ

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ১১:২৮:১৩ PM

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা

ছবি:সংগৃহীত


নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা প্রেসক্লাব-এর উদ্যোগে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল-এ আয়োজিত এ ইফতার মাহফিলে সরকারের দুই মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা অংশ নেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সম্পাদক মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

বক্তব্যে তিনি বলেন, তার নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকার ছিল দ্রুততম সময়ের মধ্যে সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ সম্পন্ন করা। আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে বাকি জমি অধিগ্রহণ শেষ করে সব ব্লকে পূর্ণগতিতে কাজ শুরু হবে। পাশাপাশি সিলেট-চট্টগ্রাম ছয় লেন মহাসড়কের কাজও একই সময়ে শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, সিলেট-ঢাকা ডাবল গেজ রেললাইন স্থাপনের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে তিন থেকে সাড়ে তিন ঘণ্টার মধ্যে সিলেট থেকে ঢাকা যাতায়াত সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সবার সহযোগিতা চান। তিনি নিজেকে সিলেট জেলা প্রেসক্লাবের আপনজন উল্লেখ করে বলেন, ঈদের পর সিলেট বিভাগের সংসদ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করা হবে এবং বিভাগের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংকটে থাকা প্রবাসীদের জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর অপরিচ্ছন্নতা, মশার উপদ্রব, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকটসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

আরও বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, উন্নয়নের দিক থেকে সিলেট এখনো পিছিয়ে রয়েছে। তবে বর্তমানে সিলেটের দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং সিটি করপোরেশনের প্রশাসক থাকায় উন্নয়নের বড় সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অনিরুদ্ধ দাস, সহকারী হাইকমিশনার, ভারতের সহকারী হাইকমিশন সিলেট। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদারে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশ গঠনের যাত্রায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির।

এ সময় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সিলেটের গণমাধ্যমকর্মীদের বৃহৎ উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা আতিকুর রহমান নগরী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ