ছবি নিজস্ব
আর মাত্র কয়েকদিন পরেই সারাদেশে উদযাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর। আর তাই ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে সিলেটের বালাগঞ্জ উপজেলার ছোট-বড় মিলিয়ে ৪২টি ঈদগাহ ও ১৭২টি মসজিদ। ঈদের দিন বৃষ্টি হলে ঈদগাহের পরিবর্তে উপজেলার ৩৫০টি মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বালাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ হচ্ছে নবীনগর ঈদগাহ। এই ঈদগাহে বালাগঞ্জ ইউনিয়নের অধিকাংশ গ্রামের মানুষ প্রতি বছর ঈদের নামাজ আদায় করেন। এই ঈদগাহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাধারণ সম্পাদক বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বালাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ঈদের নামাজের জন্য এখানে সব ধরনের প্রস্তুতি চলছে। পাশাপাশি উপজেলার অন্যান্য ঈদগাহ ও যেসব মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে, সেসব ঈদগাহ ও মসজিদের সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
বালাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুমিন জানান, ঈদগাহ কমিটির উদ্যোগে সংস্কারকাজ চলছে। অজুসহ যাতাযাত ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। দাওয়াতি কার্যক্রমও শুরু হয়েছে। ঈদের দিন সকালে ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে মসজিদে মসজিদে জামাত হবে। ইউনিয়নের সকল মসজিদের সভাপতি ও ইমামদের নিয়ে একটি সভা করার প্রস্তুতি চলছে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইনতিয়াজ ভুইয়া জানান, ঈদের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। বিভিন্ন টিম কাজ করছে।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ জানান, ঈদগাহ কমিটির দায়িত্বশীলদের সাথে আলোচনা চলছে। শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
বালাগঞ্জ উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আসাব আলী জানান, সরকারি নির্দেশনামতো ঈদগাহ ও মসজিদ প্রস্তুত করা হচ্ছে।
বালাগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি নোমান আহমদ কাউসার বলেন, প্রতি বছরের মতো এবারও আশা করছি সুন্দর ও সুষ্ঠুভাবে ঈদ জামাতসহ ঈদের আনন্দ উদযাপন হবে। সমিতির মাধ্যমে ইমাম সাহেবদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




