বিশ্বনাথে শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্ত হাজারো ঘরবাড়ি ও ফসল
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৪ PM

বিশ্বনাথে শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্ত হাজারো ঘরবাড়ি ও ফসল

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৫:৫০:০৪ PM

বিশ্বনাথে  শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্ত হাজারো ঘরবাড়ি ও ফসল

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভয়াবহ শিলাবৃষ্টিতে হাজার হাজার ঘরবাড়ি ও আবাদি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের বড় আকারের শিলাবৃষ্টি অতীতে খুব কমই দেখা গেছে।

রবিবার (১৫ মার্চ) ভোর পৌনে ৭টার দিকে শুরু হওয়া শিলাবৃষ্টি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার লামাকাজী, খাজাঞ্চি ও রামপাশা ইউনিয়ন।

স্থানীয়রা জানান, আকাশ থেকে পড়া অনেক শিলার আকার ক্রিকেট বলের চেয়েও বড় ছিল এবং কিছু শিলার ওজন ৪০০ গ্রামেরও বেশি। বড় আকারের এসব শিলার আঘাতে অসংখ্য ঘরের টিনের ছাদে ২ থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত ছোট-বড় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। ফলে অনেক পরিবার ইতোমধ্যে ঘরের টিন পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছেন।

শিলাবৃষ্টিতে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত ও বোরো ধানেরও ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সঠিক সংখ্যা জানা না গেলেও স্থানীয়দের ধারণা, অন্তত তিন হাজার পরিবারের ঘরবাড়ি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগে হঠাৎ এমন প্রাকৃতিক দুর্যোগে নিম্নআয়ের মানুষের ওপর নতুন করে দুর্ভোগ নেমে এসেছে। শিলাবৃষ্টি থামার পর ক্ষতিগ্রস্তরা এখন ঘরের টিন মেরামতে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকেরই নতুন টিন লাগানো ছাড়া বিকল্প উপায় নেই।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ