সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৫ PM

সিলেট-আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ- মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার- মিজানুর রহমান

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ১১:৪২:১১ PM

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

ছবি:সংগৃহীত


দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে সিলেট বিভাগের তিনটি জেলা-সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।

সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও শেষ পর্যন্ত দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহম চৌধুরীকে প্রার্থী করে, এরপরও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং তার বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, দলের প্রতি তার এই অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তার বাড়ি উপজেলার হায়দরপুর গ্রামে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহত্তর স্বার্থে তা প্রত্যাহার করে নেন এবং দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন।

এদিকে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জেলা বিএনপির নেতৃত্বে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা ছিল বলে দলীয় নেতাকর্মীরা উল্লেখ করেছেন।

রাজনৈতিক মহলের ধারণা, নতুন প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আসবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ