দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি মনোওর আলী
বুধবার, ২০ মে ২০২৬, ০২:২২ PM

লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি মনোওর আলী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ১২:২০:৩৭ AM

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি মনোওর আলী

ছবি:সংগৃহীত


বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির সংকটময় সময়ে নৈতিকতা ও দ্বীনি শিক্ষার বিকল্প নেই। লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে ইলমে দ্বীন প্রচার করে আদর্শ মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। এ মাসের পবিত্রতা রক্ষা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুমিনের দায়িত্ব। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) প্রতিষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার কুরআন শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব সেন্টারে লক্ষ লক্ষ শিক্ষার্থী পবিত্র কুরআন শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ জীবন গড়ে তুলছে।

দক্ষিণ সুরমার চন্ডিপুল সংলগ্ন পিরোজপুরস্থ গুলবাহার মাদ্রাসা কমপ্লেক্সে লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইফতার ও দোয়া মাহফিল কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ অনুযায়ী আমাদের আমল ও আখলাক গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের দ্বীনি শিক্ষায় আরও মনোযোগী হওয়ার এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে আল ইসলাহ’র পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল ইসলাহ দক্ষিণ সুরমা সিলেটের অর্থ সম্পাদক হাজী আলা উদ্দিন, তেতলী ইউনিয়ন আল ইসলাহ’র সহ-সভাপতি সদাই মিয়া, সোনা মিয়া সিদ্দিকী, ক্বারী আলী আহমদ, ক্বারী রফিকুল ইসলাম, কামরান আহমদ খান ও হাফিজ গোলজার আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি এ কে এম মনোওর আলী। মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ