সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
বুধবার, ২০ মে ২০২৬, ০২:২১ PM

সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ০৩:৪৮:৪০ PM

সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সংগৃহিত


শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে দ্রব্যমূল্যের চাপ যাতে সাধারণ মানুষের উপর বেশি না পড়ে, সে লক্ষ্যে সরকার বিভিন্ন নীতিগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। শুল্ক, আমদানি নীতিমালা, কর ও ভ্যাটের হার কমানো বা বাড়ানোর মাধ্যমে সরকার প্রয়োজন অনুযায়ী বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সিলেট মহানগরীতে প্রায় ৮শ’র বেশি মসজিদ রয়েছে। এসব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য ঈদ উপলক্ষে সামান্য হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে, যা সিটি কর্পোরেশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বাইরে কোনো পণ্যের দাম বাড়লে তার কিছু প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। তবে সরকার সব সময় চেষ্টা করে যেন সেই চাপ সাধারণ মানুষের উপর না পড়ে।

তিনি আরও বলেন, 'এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিই। বাজারে পণ্যের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং মানুষের কষ্ট না বাড়ে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করবে।'

বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষের স্বার্থকে সামনে রেখেই সরকার বাজার ব্যবস্থাপনা ও অর্থনৈতিক নীতিমালা পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ