প্রতীকী
বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া ভিজিডি’র (VGD) চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার (১৬ মার্চ ২০২৬) বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম এ প্রতিনিধিকে জানান, গত এক সপ্তাহে ইউনিয়নের ৯২০ জন অসহায় ও দুস্থ মহিলার মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গত ৪ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক। এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, ট্যাগ অফিসার প্রশাসনিক কর্মকর্তা সফিকুর ইসলাম, ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কানন চন্দ্র, উদ্যোক্তা শাহিন আহমদসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।
চেয়ারম্যান মো. আব্দুল মুনিম জানান, ৪ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। বালাগঞ্জ ইউনিয়নে ভিজিডি’র ৯২০টি কার্ডের বিপরীতে ৯২০ জন উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলার অন্যান্য পাঁচটি ইউনিয়নেও সরকারের ঈদ উপহার হিসেবে প্রাপ্ত চাল বিতরণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




