সিলেটের জৈন্তাপুর উপজেলার সকল তফসিলী ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক খালেদ আহমেদ।
ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষির ওপর নির্ভরশীল। কৃষক বাঁচলে বাঁচবে কৃষি। সেজন্য কৃষিজমি থাকার সত্ত্বেও অনেক কৃষক-কৃষানী প্রয়োজনীয় অর্থের অভাবে কৃষি যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ ক্রয় করতে সক্ষম হন না। এ ছাড়াও বর্তমান সরকার কৃষিবান্ধব হওয়ার পাশাপাশি খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষি সেচ সুবিধা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সে লক্ষ্য বাস্তবায়নে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ক্ষুদ্র, মাঝারী ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বাণিজ্যিক আকারে কৃষি সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার ৮টি তফসিলী ব্যাংক কর্তৃক সহজ শর্তে কৃষিঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
প্রথম দিনে ৪০ জন কৃষক-কৃষানীর মাঝে বিভিন্ন অংকের ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলার যে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে সেগুলো হলো- সোনালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি, অগ্রনী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি।
ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য, উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপ-মহাব্যবস্হাপক মো. জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক শরীফুল ইসলাম ভূঁইয়া। আরও বক্তব্য দেন জৈন্তাপুর কৃষি ব্যাংক পিএলসির ব্যবস্থাপক এরশাদ আলি, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, কৃষক প্রতিনিধি বিলাল আহমেদসহ অন্যান্যরা।
জৈন্তা বার্তা/আরআর




