ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে আলী আমজদের ঘড়ি ও চাঁদনীঘাটের সিঁড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা সুরমা নদীর তীরেই অবস্থিত। এসব ঐতিহ্য স্থানীয় প্রবাদ-প্রবচনেও জায়গা করে নিয়েছে। তবে দুঃখজনকভাবে বর্তমানে সুরমা নদী প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ক্বিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক আরও জানান, সুরমা নদী সিলেটের ঐতিহ্য, পরিবেশ ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদীর নাব্যতা পুনরুদ্ধার, তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ এবং সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সিলেটকে আধুনিক ও আকর্ষণীয় নগরীতে রূপ দিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে এসে চাঁদনীঘাট এলাকায় বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করবেন। একই দিন সিটি কর্পোরেশন প্রাঙ্গণের খোলামাঠে তিনি নগরবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




