ছবি:সংগৃহীত
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহতদের খোঁজ নিতে হাসপাতালে গেছেন সিলেট জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীন শ্রমিক দিলওয়ার, রিপন ও সোহেলের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় নেতারা দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতাল পরিদর্শনে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও আবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান হোসেন জুনু, যুগ্ম সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক এবং সিলেট কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপার বাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, পরিবহন খাতের মূল চালিকাশক্তি শ্রমিকরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস টার্মিনালে সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এতে শ্রমিক ও মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং টার্মিনালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে।
তারা সবাইকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়ে মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




