ছবি:সংগৃহীত
১৪০তম মহান মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সিলেট জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় আম্বরখানা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি শহিদ আহমদ ও সিমান্ত চন্দ্র রায়সহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ১৪০ বছর পরেও শ্রমিকরা কাগজে-কলমে ৮ ঘণ্টা কর্মদিবসের স্বীকৃতি পেলেও বাস্তবে স্বল্প মজুরি ও চাকরির অনিশ্চয়তায় অনেক ক্ষেত্রে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে বাধ্য হচ্ছেন। মূল্যস্ফীতি ও আইনের ফাঁকফোকরের কারণে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এতে শ্রমজীবী মানুষ মর্যাদাপূর্ণ জীবনের পরিবর্তে এক ধরনের “আধুনিক দাসত্বে” আবদ্ধ হয়ে পড়ছেন।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক শ্রম আইন সংশোধন সত্ত্বেও শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত হয়নি। ন্যূনতম মজুরি নির্ধারণ, নিয়মিত মজুরি পুনর্নির্ধারণ, চাকরির নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়ে গেছে। তারা শ্রমিকবান্ধব গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানান।
সমাবেশে ব্যাটারিচালিত যানবাহনের ওপর হয়রানি বন্ধ, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধন ও লাইসেন্স প্রদান, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ এবং বসতভিটার স্থায়ী বন্দোবস্তের দাবিও জানানো হয়।
নেতৃবৃন্দ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আন্দোলন জোরদারের আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




