ছবি:সংগৃহীত
সিলেটের মণিপুরী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি বলেন, মণিপুরীরা সিলেটের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জনগোষ্ঠী। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা এ অঞ্চলের সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
শুক্রবার বিকেলে শিবগঞ্জ মণিপুরি নুপী লুপ আয়োজিত ‘শজিবু লিকোন টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিবগঞ্জ মণিপুরীপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে।
বাণিজ্যমন্ত্রী বলেন, মণিপুরী নারীদের হাতে বোনা শাড়ি, থ্রি-পিস, ওড়না, ব্যাগসহ নানা নকশাপণ্য সারা দেশে ব্যাপক জনপ্রিয়। এ শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি সিলেটের মির্জাজাঙ্গালে অবস্থিত ঐতিহাসিক ‘মণিপুরী রাজবাড়ী’ সংরক্ষণে সেখানে একটি গেইট নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ দাস।
শিবগঞ্জ মণিপুরি নুপী লুপের আহ্বায়ক মিনতী দেবীর সভাপতিত্বে এবং ওয়াই সত্যজিৎ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ও সংগঠক রবিকিরণ সিংহ রাজেশ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আমলে প্রতিষ্ঠিত নগরীর শিবগঞ্জ সেনপাড়াস্থ ‘মণিপুরী তাঁত প্রশিক্ষণ কেন্দ্র’ পুনরায় চালুর জোর দাবি জানান।
সমাপনী পর্বে প্রধান অতিথি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণগাছ নাহা টিম, রানারআপ হয়েছে নরসিংহটিলা নুপী লুপ এবং তৃতীয় স্থান অর্জন করেছে নয়াবাজার অহল টিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ডা. প্রমোদ রঞ্জন সিংহ, মুতুম সুরজিৎ সিংহ, প্রদীপ সিংহ, প্রশান্ত কুমার সিংহ, ওয়াই লাড়ু সিংহ, শেরাম নিরঞ্জন, অসীম কুমার সিংহ বাবলু, লুৎফুর রহমান মোহন, সৈয়দ লোকমানুজ্জামান, লোইচম্বম মিন্টু সিংহ, পুরীদাস সিংহ, অভিরাম সিংহ বাবলু, হিজম রাজু ও মাইবম রাসেল প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




