ছবি:সংগৃহীত
ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান, চলাচলে যৌক্তিক ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল চৌহাট্টা থেকে শুরু হয়ে জিন্দাবাজার প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
মানববন্ধন ও সমাবেশে শ্রমিক নেতারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহন ও চালকদের দ্রুত লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স প্রদান; সকল অংশীজনের অংশগ্রহণে ব্যাটারিচালিত যানবাহন চলাচলের জন্য যৌক্তিক ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন; যত্রতত্র অটোরিকশা আটক ও শ্রমিকদের হয়রানি বন্ধ এবং ইতোমধ্যে জব্দ করা যানবাহন দ্রুত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া।
ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ভান্ডারী, যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিল, ধানিছ মিয়া, রায়হান আহমেদ, ব্রজেন রায়, রাকিব হোসেন, আনিস খান, মমু সর্দার, সবুজ আহমেদ, রাজু কান্তি দাশ ও ইয়াসিন মিয়াসহ স্থানীয় শ্রমিক নেতারা।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, সিলেটের অটোরিকশা শ্রমিকদের জীবন ও জীবিকার ভোগান্তি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যত্রতত্র অটোরিকশা আটক ও হয়রানির কারণে ক্ষুদ্র পুঁজির মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জাতীয় পর্যায়ে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ চললেও সিলেটে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
তিনি বলেন, স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত আটক করা অটোরিকশাগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা।
আন্দোলন নিয়ে সতর্ক করে তিনি বলেন, অটোরিকশা শ্রমিকদের ন্যায্য আন্দোলনে কিছু সুবিধাবাদী ও বৃহৎ পুঁজির দালালগোষ্ঠী যুক্ত হয়ে নানা ধরনের চক্রান্ত করছে বলে তারা মনে করেন। শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থেকে এসব স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করতে হবে।
বক্তারা ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক শ্রমিকদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




