ছবি:সংগৃহীত
সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-সিলেট-৮১)-এর নবগঠিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর শাহজালাল বাজার (দাসপাড়া), শাহপরান-খাদিমনগর, সদর, সিলেটের ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি হাজী তোরাব আলী, সহসভাপতি মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল তাহিদ, ধর্মবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. আতর আলী, দপ্তর সম্পাদক মো. শিপু খান এবং নির্বাহী সদস্য মো. জসিম উদ্দিন, মো. কামাল আহমদ ও মুজিবুর রহমান কাঞ্চন।
সভায় বক্তারা বলেন, রিকশাচালকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজের মানুষের সেবায় নিয়োজিত থাকলেও বিভিন্ন সময় নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, হয়রানি বন্ধ এবং যেকোনো বিপদে তাদের পাশে দাঁড়াতে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বক্তারা আরও বলেন, অসহায় ও দুস্থ শ্রমিকদের সহযোগিতার জন্য একটি কল্যাণ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হবে। শ্রমিকদের স্বার্থ ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




