সংগৃহিত
সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে আপন চাচা ধ/র্ষ/ণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা করেছেন। মামলার পর থেকে অভিযুক্ত চাচা হাছান আহমদ (৪০) পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত হাছান আহমদ ওই এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক।
মামলার এজাহার ও ভুক্তভোগীর মায়ের অভিযোগ, শিশুটির বাবা বর্তমানে প্রবাসে রয়েছেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন তিনি আসরের নামাজ আদায় করছিলেন। এ সময় তাঁর স্বামীর বড় ভাই হাছান আহমদ শিশুটিকে শয়নকক্ষে ডেকে নিয়ে হাত ও মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর মা জানান, তাঁর মেয়ের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিষয়টি একই পরিবারের হওয়া এবং চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় একজনকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




