ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীর ছোট-বড় সব সড়কে ডিভাইডার স্থাপন এবং ভয়াবহ যানজট ও অবৈধ পার্কিং দূর করার দাবিতে ‘মানব ডিভাইডার’ কর্মসূচির ঘোষণা দিয়েছে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের ৩৫তম সাপ্তাহিক সভা ও আলোচনা সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় নগরের মির্জাজাঙ্গাল পয়েন্টে জমায়েত এবং বেলা ১১টা ৪০ মিনিট থেকে ১০ মিনিটের মানব ডিভাইডার কর্মসূচি পালন করা হবে।
সভায় বক্তারা বলেন, মহানগরীর বিভিন্ন সড়কে ডিভাইডার না থাকায় যানজট ও অবৈধ পার্কিংয়ের কারণে জনদুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতি নিরসনে নগরের ছোট-বড় সব সড়কে প্রয়োজন অনুযায়ী ডিভাইডার স্থাপনের দাবি জানান তারা।
এদিকে সভা থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
বক্তারা বিমানবন্দরগুলোতে দীর্ঘদিন একই পদে কর্মরতদের বদলি করে দেশপ্রেমিক ও জনবান্ধব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভিআইপি, সিআইপি ও সাধারণ যাত্রী-সবার জন্য নিরাপত্তার ক্ষেত্রে একই নিয়ম চালু এবং প্রবাসী যাত্রীদের উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার দাবি জানান তারা।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কারে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত এবং সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। তিনি সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটিরও সভাপতি।
সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী।
সভায় বক্তব্য দেন সিকসের কার্যকরী কমিটির সহসাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহসভাপতি রোকনে আলম চৌধুরী ও এম.এ আলী জালালাবাদী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহসাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহঅর্থ সম্পাদক পিযোষ মোদক, মো. ইকবাল হোসেন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, সহদপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহআন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম খান এবং যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস।
এ ছাড়া সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সহসাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু এবং নেতৃবৃন্দের মধ্যে শংকর চন্দ, রাতুল চন্দ্র বৈষ্ণব, মোহাম্মদ আব্দুল লতিফ, মো. আব্দুল হালিম, হরিমোহন রায় ও হাফিজ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




