৩৪ দিনে ৮৯ লাখ, সঙ্গে স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ PM

শাহজালালের দানবাক্স

৩৪ দিনে ৮৯ লাখ, সঙ্গে স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৮:২৮:২১ PM

৩৪ দিনে  ৮৯ লাখ, সঙ্গে স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

ছবি:সংগৃহীত


সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগ ৩৪ দিন পর শনিবার চতুর্থবারের মতো খোলা হয়েছে। দিনভর গণনা শেষে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এর সঙ্গে মিলেছে ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং ১৫ দেশের মুদ্রা।

শনিবার সকাল ১০টায় দরগাহে রাখা তিনটি দানবাক্স ও তিনটি ডেগের সিলগালা খুলে দানের টাকা সংগ্রহ শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলগালা খোলার পর প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী দিনভর টাকা গণনা করেন। সন্ধ্যা ৬টার দিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী দানের হিসাব ঘোষণা করেন।

তিনি জানান, দানবাক্স ও ডেগে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ পাওয়া গেছে।

বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে-ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় ৩ হাজার ৯৫৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯ দশমিক ২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দশমিক ২৫ দিরহাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১ দশমিক ৫০ রিয়াল, ৩০ দশমিক ১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ টিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়াহ।

এ ছাড়া দান হিসেবে পাওয়া ৬টি গরু ও ১১০টি ছাগলের হিসাবও জানানো হয়েছে। এর মধ্যে লঙ্গরখানায় খাবারের জন্য ৫টি গরু ও ৭০টি ছাগল জবাই করা হয়েছে। ৪০টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার কর্মীদের মজুরি দেওয়া হয়েছে। পাশাপাশি একটি গরু ও একটি ছাগল দরিদ্র দুই মেয়ের বিয়েতে দান করা হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট ৩৪ দিন পর তৃতীয়বারের মতো মাজারের দানবাক্স খোলা হয়েছিল। তখন দান হিসেবে পাওয়া গিয়েছিল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা।

এবারের গণনায় আগেরবারের তুলনায় নগদ টাকার পরিমাণও বেড়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ