ছবি:সংগৃহীত
সিলেটে পুরোনো কারাগারের জায়গায় নান্দনিক পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের সিদ্ধান্তের পর পুরোনো ও বর্তমান কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে নগরের পুরোনো কারাগার এবং পরে বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় পুরোনো কারাগারের জায়গায় নান্দনিক পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরদিনই সিনিয়র সচিব সিলেটে এসে কারাগারের জায়গা পরিদর্শন করলেন।
নগরবাসীর হাঁটাচলা ও মুক্ত বাতাসে নিশ্বাস নেওয়ার সুযোগ তৈরি করতে পুরোনো কারাগারের ভূমি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আধা-সরকারি (ডিও) পত্র দিয়েছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
পত্রের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটি সরেজমিন পরিদর্শন শেষে ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে প্রতিবেদন দেয়।
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সভায় পুরোনো কারাগারের জায়গায় পার্ক এবং রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
সভায় শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার দুপুর ১২টার দিকে পুরোনো কারাগারে গিয়ে সিনিয়র সচিব সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে ও রংমহল টাওয়ারের পাশের কারাগারের ভূমি পরিদর্শন করেন।
এরপর তিনি বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




