বিয়ানীবাজারের পর গোলাপগঞ্জেও নৌকাবাইচ বন্ধের দাবি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ PM

'তৌহিদী জনতার’ ব্যানারে মীরগঞ্জে বি/ক্ষোভ

বিয়ানীবাজারের পর গোলাপগঞ্জেও নৌকাবাইচ বন্ধের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৭:০৫:২৪ PM

বিয়ানীবাজারের পর গোলাপগঞ্জেও নৌকাবাইচ বন্ধের দাবি

সংগৃহিত


সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে নৌকাবাইচ নিয়ে আপত্তি জানানোর পর এবার গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে আয়োজিত নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’।

এ দাবিতে শুক্রবার জুমার নামাজের পর গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে ‘তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন বলে জানা গেছে।

বিক্ষোভ থেকে শনিবার মীরগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীতে অনুষ্ঠেয় নৌকাবাইচ বন্ধের দাবি জানানো হয়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। আয়োজনের একদিন আগে বাইচ বন্ধের দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি মীরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা নৌকাবাইচ বন্ধের পক্ষে বিভিন্ন কারণ তুলে ধরেন। তাঁদের দাবি, নৌকাবাইচের কারণে নদীর তীরে ভাঙন দেখা দিতে পারে। এছাড়া বাইচের সময় অশ্লীল গান-বাজনা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন আল ইহসান পরিষদের সভাপতি মাওলানা হিফজুর রহমান, আলহেরা একাডেমির সভাপতি সয়েফ উদ্দিন, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া, সদর মাওলানা আবু সুফিয়ান, হাফিজ জয়নুল আবেদীন, এমরান আহমদ ও শাকিল আহমদ প্রমুখ।

এর আগে বিয়ানীবাজারের সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছিল ‘তৌহিদী জনতা’। তবে তাঁদের আপত্তি ও বাধা উপেক্ষা করে গত ২৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে সেখানে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন সহযোগিতা করে বলে জানা গেছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ